চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেলক্রসিং এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার বাসিন্দা। তিনি বেশ কিছুদিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের ছোট বোন শাহিন আক্তার বলেন, নুরুন্নাহার বেগম বাকপ্রতিবন্ধী ছিলেন। পাশাপাশি বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন। সকালে ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাঁটতে বের হলে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।