জামালপুরে পুকুরে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকি ছবি

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাহমিদ হাসান রাফি (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত তাহমিদ হাসান রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম মুফতি জাকারিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড তাপদাহের পর বৃষ্টি শুরু হলে কলেজের অনেক শিক্ষার্থী ও স্থানীয়রা পুকুরে গোসল করতে নামেন। এ সময় তাহমিদ হাসান রাফিও তার কয়েকজন বন্ধুর সঙ্গে পানিতে নামেন। তবে তিনি সাঁতার না জানায় একপর্যায়ে সবার অগোচরে পানিতে ডুবে যান।

পরে তার বন্ধুরা পুকুর থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের কোয়ার্টারে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।