চট্টগ্রামে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও হাটহাজারী উপজেলায় পৃথক তিনটি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, উপজেলার মিঠানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম আবু তাহের ভূইঁয়াকে (৬৯) একটি মামলায় রবিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবদুল করিম সাবুকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল মিটিংয়ে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
গ্রেফতার করিম ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার বাসিন্দা। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছলিমপুর বাইপাসের আগে ওভারব্রিজ এলাকায় ১০-১৫ জনের একটি দল নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিলের চেষ্টা করে। এ সময় থানার টহল দল রায়হান উদ্দীন, মো. জাহেদ ও মহসিন আরফাত নামের তিন যুবককে গ্রেফতার করা হয়।
ওসি জানান, গ্রেফতারদের মধ্যে জাহেদ রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। তাদের গত শনিবার নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।