পাঁচ বছর অপরিবর্তিত থাকছে করপোরেট কর

পাঁচ বছর অপরিবর্তিত থাকছে করপোরেট কর

ফাইল ছবি

শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে করপোরেট করের হার আগামী পাঁচ বছর অপরিবর্তিত রাখার পরিকল্পনা করছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘোষণা দেবেন।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কম্পানির ক্ষেত্রে আগের মতোই ৫ শতাংশ বহাল রেখে করপোরেট করহার প্রস্তাব করা হয়েছে। নতুন সংযোজন হচ্ছে, আইপিওর পাশাপাশি সরাসরি তালিকাভুক্ত হয়ে পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার বিক্রি করলে করহার হবে সাড়ে ২২ শতাংশ। তবে এ ধরনের কম্পানির সব আয় ব্যাংকের মাধ্যমে লেনদেন হলে করহার হবে ২০ শতাংশ। অতালিকাভুক্ত কম্পানির করহার হবে সাড়ে ২৭ শতাংশ।

তবে এই শ্রেণির কম্পানিও সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করলে করহার হবে ২৫ শতাংশ। ব্যাংক, বীমা ও ফিন্যান্স কম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে করহার সাড়ে ৩৭ শতাংশ, তালিকাভুক্ত না হলে করহার হবে আগের মতো ৪০ শতাংশ।

এ ছাড়া সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য প্রস্তুতকারী কম্পানির জন্য আগের মতোই সর্বোচ্চ ৪৫ শতাংশ করহার থাকছে। সঙ্গে অতিরিক্ত আড়াই শতাংশ সারচার্জ যুক্ত থাকবে।

মোবাইল অপারেটরদের জন্য সাধারণ করহার ৪৫ শতাংশই থাকছে। তবে কোনো কম্পানি পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তালিকাভুক্ত হলে করহার হবে ৪০ শতাংশ।

তবে মোবাইল কম্পানিগুলোকে আরো বেশি পরিমাণ শেয়ার ছাড়তে উৎসাহিত করতে কর রেয়াত দেওয়ার প্রস্তাব করা হতে পারে। খসড়া পরিকল্পনা অনুযায়ী, কোনো মোবাইল কম্পানি কমপক্ষে ২০ শতাংশ শেয়ার আইপিওর মাধ্যমে বিক্রি করলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরে প্রযোজ্য আয়করের ওপর ১০ শতাংশ হারে রেয়াত দেওয়া হবে।

জানা গেছে, দেশের বিনিয়োগের গতি ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যাবসায়িক পরিবেশকে সহজ-আধুনিকায়নের লক্ষ্যে এমন প্রস্তাব রাখা হয়েছে।