পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

প্রতিকি ছবি

বরগুনা সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুপুর বেগম (৩০) নামে এক গৃহবধূ ও তার দুই বছর বয়সী শিশুপুত্র শাহাদাতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দমকা হাওয়া ও বৃষ্টির সময় পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। বিষয়টি কারও নজরে না আসায় পুকুরের পানি বিদ্যুতায়িত অবস্থায় ছিল।

বৃহস্পতিবার বিকেলে ছেলে শাহাদাৎকে সঙ্গে নিয়ে গোসল করতে পুকুরে নামেন নুপুর বেগম। পানিতে নামার সঙ্গে সঙ্গেই পুকুরের পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট মা ও ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরে স্বজনরা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।

উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মা ও শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই পরিবারের মা ও শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।