বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
প্রতিকি ছবি
ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে আহত করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহাম্মদ আজম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত রবিউল আউয়াল আলফাদ একটি ওষুধ কোম্পানির প্রাণিসম্পদ বিভাগে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
তিনি নওপাড়া বাজারসহ বিভিন্ন ফার্মেসি থেকে বকেয়া টাকা সংগ্রহ করে বাগাট বাজারের দিকে যাচ্ছিলেন।
পথে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
রবিউল আউয়াল আলফাদ জানান, তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি মধুখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে