সোনারগাঁয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

সোনারগাঁয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রায় অংশ নেন ফুটবলপ্রেমীরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপুরদী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

আয়োজকরা জানায়, সোনারগাঁ উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রায় প্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা, দলের জার্সি ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে সমর্থকরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রাটি টিপুরদী এলাকা থেকে শুরু হয়ে লাঙ্গলবন্দ, মেঘনা সেতু, ভবেরচরসহ বিভিন্ন এলাকা ঘুরে প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে। পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং আর্জেন্টিনা বাংলাদেশের পতাকার উপস্থিতি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এই আয়োজন করা হয়েছে। মূলত আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা, সমর্থন এবং ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক মাজহারুল ইসলাম বলেন, ১৯৮৬ সাল থেকে কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার সাপোর্টার হই। ফুটবল বিশ্বকাপ বা আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্ট এলেই মনের মধ্যে আলাদা উচ্ছ্বাস কাজ করে। আর্জেন্টিনা দলের নান্দনিক ফুটবল আমাদের দীর্ঘদিন ধরে মুগ্ধ করে আসছে। তাই সকল সমর্থকদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন।

আরেক সমর্থক কামরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের সমর্থক। দলের খেলোয়াড়দের প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতের প্রতিটি আন্তর্জাতিক আসরে এই দল ভালো করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাদা-আকাশি রঙের পতাকা ও জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতি পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। ফুটবলপ্রেমীদের এমন ব্যতিক্রমী আয়োজন সোনারগাঁয়ে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ ও উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।