ঘরে জ্বিন-শয়তানের প্রভাব প্রতিরোধে ইসলামী নির্দেশনা
ছবি: সংগৃহীত
মানবজীবন শুধুমাত্র দৃশ্যমান জগতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর পাশাপাশি একটি অদৃশ্য জগতও রয়েছে, যেখানে আল্লাহ তাআলা জ্বিন ও শয়তান জাতিকে সৃষ্টি করেছেন। তারা মানুষের মতোই একটি বাস্তব সৃষ্টি, যারা মানুষের ঈমান, চিন্তা ও আমলকে প্রভাবিত করার চেষ্টা করে।
তবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য তাদের থেকে নিরাপদ থাকার পথও দেখিয়ে দিয়েছেন— তা হলো কোরআন, সুন্নাহ এবং জিকির-আজকারের মাধ্যমে আত্মরক্ষা।
ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ঘরকে শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই যথেষ্ট নয়; বরং ঘরের আধ্যাত্মিক নিরাপত্তার দিকেও মনোযোগ দিতে হয়। তাইতো মহানবী (সা.) তাঁর উম্মতকে এমন কিছু দিকনির্দেশনা দিয়েছেন, যেগুলো অনুসরণ করলে ঘর শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। নিচে ঘরের কিছু নির্দিষ্ট স্থান এবং সেখানে শয়তানের প্রভাব থেকে বাঁচার সুন্নাহসম্মত দিকনির্দেশনা তুলে ধরা হলো।
১. বিছানা ঝেড়ে ঘুমানো
ঘুম মানুষের সবচেয়ে দুর্বল অবস্থাগুলোর একটি, যখন মানুষ সম্পূর্ণ অচেতন থাকে। তাই ঘুমানোর আগে মহানবী (সা.) বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন বিছানায় যাবে, সে যেন তার কাপড় দিয়ে বিছানাটি ঝেড়ে নেয় এবং আল্লাহর নাম স্মরণ করে; কারণ সে জানে না তার পরে সেখানে কী এসেছে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৩২০, সহিহ মুসলিম, হাদিস : ২৭১৪)
এই হাদিস থেকে বোঝা যায়, বিছানা পরিষ্কার রাখা এবং আল্লাহর নাম স্মরণ করা শয়তানের অনিষ্ট থেকে রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়।
২. অগোছালো কাপড় ও ঘরের আসবাবপত্র গুছিয়ে রাখা
ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ঘরের জিনিসপত্র অগোছালো রাখা কেবল দৃষ্টিকটু নয়; বরং এটি শয়তানের জন্য অশান্তির সুযোগ তৈরি করে। মহানবী (সা.) ঘুমানোর আগে ঘরের পাত্র ঢেকে রাখা, দরজা বন্ধ রাখা এবং আগুন নিভিয়ে রাখার নির্দেশ দিয়েছেন, যা ঘরের নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব নির্দেশ করে। অতএব, কাপড়-চোপড় ও ঘরের জিনিসপত্র অগোছালো রাখা থেকে বিরত থাকা সুন্নাহসম্মত একটি সুন্দর অভ্যাস।
৩. ওয়াশরুম পরিস্কার রাখা ও দোয়া পড়ে প্রবেশ করা
বাথরুম বা শৌচাগার এমন একটি স্থান, যেখানে মানুষ একাকী ও অরক্ষিত অবস্থায় প্রবেশ করে।
তাই এখানে প্রবেশের আগে মহানবী (সা.) বিশেষ দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। মহানবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই এই শৌচাগারগুলোতে (অশুভ শক্তির) উপস্থিতি থাকে। তাই তোমাদের কেউ প্রবেশ করলে সে যেন বলে, ‘আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।’(সহিহ বুখারি, হাদিস : ১৪২)
এটি প্রমাণ করে যে, এই স্থানে প্রবেশের সময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত আমল।
৪. রান্নাঘর ও আগুনের ব্যাপারে সতর্ক থাকা
রান্নাঘর ঘরের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আগুন ও তাপ ব্যবহার করা হয়। ইসলাম অগ্নি নিরাপত্তার পাশাপাশি আধ্যাত্মিক সতর্কতার দিকেও গুরুত্ব দিয়েছে। ঘুমানোর আগে আগুন নিভিয়ে রাখতে বলেছেন, যাতে কোনো অনিষ্ট না ঘটে। অনেক আলেমের মতে, ঘরের আগুন বা চুলার আশেপাশে অসতর্কতা ও বিশৃঙ্খলা শয়তানের প্রভাবের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই রান্নাঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিয়মিত ব্যবস্থাপনার মধ্যে রাখা ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত।
৫. দরজা-জানালা ও ঘরের প্রবেশপথ বন্ধ রাখা
ঘরের নিরাপত্তার জন্য দরজা-জানালা বন্ধ রাখা এবং আল্লাহর নাম স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা দরজা বন্ধ করো এবং আল্লাহর নাম স্মরণ করো; কারণ শয়তান এমন দরজা খুলতে পারে না যা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩০৪)
এটি ঘরের আধ্যাত্মিক সুরক্ষার এক শক্তিশালী মাধ্যম।
শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য আরো কিছু প্রতিরক্ষা ব্যবস্থা:
১. নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করা।
২. ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা।
৩. ঘুমের আগে ও সকালে-সন্ধ্যায় জিকির করা।
৪. ঘর প্রবেশ ও বের হওয়ার সময় দোয়া পাঠ করা।
৫. ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
অতএব, ঘরকে শুধু বসবাসের স্থান নয়, বরং ইবাদতের পরিবেশ হিসেবে গড়ে তোলা প্রত্যেক মুমিনের দায়িত্ব। আল্লাহর জিকির, কোরআনের তিলাওয়াত এবং সুন্নাহভিত্তিক জীবনই আমাদের ঘরকে প্রশান্তি, রহমত ও বরকতে পরিপূর্ণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর আশ্রয়ে সুরক্ষিত রাখুন এবং শয়তানের সকল অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন।