লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরাইলি এক সেনা নিহত, আহত ১৩

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরাইলি এক সেনা নিহত, আহত ১৩

নির বেন আরি

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২০ জুন) রাতে এই সংঘাতের ঘটনা ঘটে।

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস নির বেন আরি (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সদস্য ছিলেন।

আইডিএফ জানিয়েছে, আলি তাহের রিজের নিচে অবস্থিত একটি বড় ভূগর্ভস্থ হিজবুল্লাহ স্থাপনা দখলের অভিযান চলাকালে নির বেন আরি নিহত হন।

শনিবার আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননে তাদের ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলের’ বাইরে গোলাবর্ষণ বন্ধ করা হয়েছে, তবে ওই অঞ্চলের ভেতরে, বিশেষ করে আলি তাহের রিজ এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

  ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে নাবাতিয়েহ অঞ্চলের কফার তেবনিত গ্রামে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

হামলায়  এক সেনা নিহতের পাশাপাশি আরও ১৩ জন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আইডিএফ নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়ে।

এর আগের শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আরেক হামলায় চার ইসরাইলি সেনা নিহত হন। আলি তাহের এলাকার একই ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযান চলাকালে একটি ট্যাংকে ড্রোন বা অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা নিহত হন।

এদিকে লেবাননে হামলার জবাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জাহাজগুলোকে হরমুজ প্রণালির কাছে না আসার সতর্কবার্তা দিয়েছে এবং বলেছে যে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

শনিবার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী লেবাননে ইসরাইলি কার্যক্রম এবং যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনে ওয়াশিংটনের ভূমিকাকে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করার কারণ হিসেবে উল্লেখ করেছে।