ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক্টর খালে পড়ে চালক নিহত

ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক্টর খালে পড়ে চালক নিহত

ছবিঃ সংগৃহীত।

ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক্টর খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের হেলপার।

মঙ্গলবার দুপুর ১টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোডসংলগ্ন বেতুয়া খালের ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম নাইম হোসেন জয় (২২)। তিনি চতলা ৪নং ওয়ার্ডের মো. ফরিদের ছেলে।

আহত হেলপারের নাম আল-আমিন (১২)। তিনি ওই এলাকার মো. ভুট্টুর ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে ট্রাকচালক নাইম হোসেন জয় হেলপার আল-আমিনকে নিয়ে চতলা বাজার থেকে বালুবোঝই করে চরমোল্লাজী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আজাহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের ব্রিজে উঠলে ভেঙে খালে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার ট্রাক্টরের মধ্যে আটকে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইম হোসেন জয়কে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত চালকের লাশের সুরতহাল করেছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।