তারাগঞ্জে পাওয়া গেল মাথার খুলি ও কঙ্কাল
সংগৃহীত
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও পচে যাওয়া একটি মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটির কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তারা ক্যানেলের ধারে এগিয়ে গেলে প্রথমে একটি মাথার খুলি এবং পরে ঝোপঝারে মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনা ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়েছে। মরদেহটির মাথার খুলির কাছের সবুজ ঘাস রক্তের মতো রং ধারণ করেছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে মাথার খুলি ও বডির কয়েক অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ক্রাইম সিন ইউনিট আসতেছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।