চন্দ্রগঞ্জে সালিশি বৈঠকে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে গুলির অভিযোগ

চন্দ্রগঞ্জে সালিশি বৈঠকে বাগবিতণ্ডার জেরে বৃদ্ধকে গুলির অভিযোগ

প্রতিকি ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিশি বৈঠকে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৪ জুলাই) বিকালে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদুল্লাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নজরুল রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন উপস্থিত ছিলেন। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হন।

অভিযোগ উঠেছে, আয়েশা পরে মোবাইল ফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানান। ঘটনা জানতে পেরে রাতে এলাকায় আসেন আশিক। শনিবার বিকালে ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি নজরুলকে গুলি ছোড়েন। তার বাম হাতের কব্জিতে গুলি লেগেছে।

ইসমাইল হোসেন ফারুক বলেন, আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল ফোনে ডেকে আনিয়েছে। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, 'ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিশি বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠে। সে কারো কথা শুনতে রাজি ছিল না। এ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'

সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বৃদ্ধকে আনা হয়েছে। আমরা তাকে এক্স-রে করতে বলেছি। এক্স-রে করার পর গুলি ভেতরে আছে কি-না বলা যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।