নেত্রকোনায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
ফাইল ছবি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। সোমবার (৬ জুলাই) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত কিশোরের নাম ইয়াসিন (১৩)। সে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার (৫ জুলাই) বিকেল সোয়া চারটার দিকে পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি তার সমবয়সী এক খেলার সাথীর সঙ্গে নিজ বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত কিশোর কৌশলে তাকে ঘরের পাশের রান্নাঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর শিশুটি কান্নাকাটি করে তার মাকে বিষয়টি জানায়। মা তাৎক্ষণিক স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে অবহিত করেন। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, “শিশুটিকে উদ্ধারের পরপরই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।”
তিনি আরও বলেন, শিশুটির অভিভাবকরা বর্তমানে হাসপাতালে রয়েছেন। পুলিশ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ভুক্তভোগীর অভিভাবকরা মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।