মির্জাগঞ্জে ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেফতার
ছবি: ফাইল ফটো
সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামে তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল বাসার দক্ষিণ গাবুয়া গ্রামের আবদুল রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী এবং আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় আবুল বাসারের পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি লাইটারযুক্ত সিগারেট হোল্ডারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা একটি ভিভো ওয়াই–২১ (Vivo Y21) মুঠোফোন জব্দ করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাজু আহমেদ বলেন, “কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না। ছাত্রদল কখনো মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। আবুল বাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন।”
অভিযান পরিচালনাকারী এসআই মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, আবুল বাসারের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা বিক্রির উদ্দেশে নিজের কাছে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মির্জাগঞ্জ থানায় মামলা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।