সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় পোশাকশ্রমিকের মরদেহ, নিখোঁজ স্বামী ও শিশুকন্যা

সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় পোশাকশ্রমিকের মরদেহ, নিখোঁজ স্বামী ও শিশুকন্যা

ছবি: ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে স্বামী পরিচয়ে বসবাসকারী এক ব্যক্তি ও ছয় বছর বয়সী শিশুকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় শাহজাহান মাস্টারের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া আক্তার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত ১ জুলাই সাদিয়া তার ছয় বছর বয়সী মেয়েকে নিয়ে ওই বাসায় ওঠেন। তার সঙ্গে থাকা এক ব্যক্তি নিজেকে স্বামী পরিচয় দিয়ে বাসায় বসবাস করছিলেন। বাড়ির মালিকের কাছে সাদিয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও ওই ব্যক্তি পরে পরিচয়পত্র দেবেন বলে জানান।

সোমবার রাতে বাড়ির মালিক কক্ষের খাটের ওপর সাদিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের মুখের বাম পাশে রক্ত জমাট বাঁধার আলামত পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ৩০০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যার সন্ধানে পুলিশ কাজ করছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’