কলকাতায় চালকহীন মেট্রোর সফল ট্রায়াল
ছবিঃ সংগৃহীত।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেট্রো পরিষেবায় প্রযুক্তিগতভাবে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে।শহরের পূর্ব-পশ্চিম করিডরে (গ্রিন লাইন) চালকবিহীন বা স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা চালুর পথে আরও এক ধাপ এগোলো কর্তৃপক্ষ। রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো রুটে সফলভাবে সম্পন্ন হয়েছে স্বয়ংক্রিয় মেট্রোর পরীক্ষামূলক চলাচল এবং নিরাপত্তা মূল্যায়ন। এখন অপেক্ষা শুধু কমিশনার অব রেলওয়ে সেফটির আনুষ্ঠানিক অনুমোদনের। সেই ছাড়পত্র পেলেই যাত্রীদের জন্য চালু হতে পারে কলকাতার প্রথম চালকহীন মেট্রো পরিষেবা।
এই বিশেষ পরিদর্শনের জন্য রবিবার গ্রিন লাইনে নির্ধারিত সময়ের পরিবর্তে বিকাল সাড়ে ৪টা থেকে যাত্রী পরিষেবা শুরু হয়। পরীক্ষার সময় একটি বিশেষ মেট্রো রেক হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলাচল করে। যদিও নিরাপত্তার স্বার্থে চালকের কেবিনে একজন মোটরম্যান এবং মেট্রোর ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুরো ট্রেনটি নিয়ন্ত্রণ করা হয় সেন্ট্রাল পার্কে অবস্থিত অপারেশন কন্ট্রোল সেন্টার থেকে।
কলকাতা মেট্রো সূত্র জানায়, এই রুটে অত্যাধুনিক কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল এবং অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ব্যবস্থায় ট্রেন নিজে থেকেই গতি নিয়ন্ত্রণ, ব্রেক করা এবং স্টেশনে নির্ভুলভাবে থামতে পারে। রবিবারের পরীক্ষায় গঙ্গার তলদেশের প্রায় ৫২০ মিটার দীর্ঘ আন্ডারওয়াটার টানেল মাত্র ৪৫ সেকেন্ডে অতিক্রম করে ট্রেন। একই সঙ্গে ১২টি স্টেশনের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও খতিয়ে দেখেন নিরাপত্তা কর্তারা।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত প্রায় এক বছর ধরে এই স্বয়ংক্রিয় প্রযুক্তির বিভিন্ন ধাপের পরীক্ষা চলেছে। গবেষণা নকশা ও মান সংস্থার একাধিক পরীক্ষাও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরই সিআরএস নিরাপত্তা মূল্যায়ন করেছে। চূড়ান্ত অনুমোদন পেলে কলকাতা ভারতের সেই কয়েকটি শহরের তালিকায় জায়গা করে নেবে, যেখানে আধুনিক স্বয়ংক্রিয় মেট্রো প্রযুক্তিতে নিয়মিত যাত্রী পরিষেবা চালু রয়েছে।