কটিয়াদীতে অসুস্থ গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে শারফিন নামে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা দুই বস্তা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শারফিনের দোকানে অসুস্থ গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে তিনি কম দামে অসুস্থ গরু কিনে সেই মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেন।
সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাংস বিক্রির দায়ে শারফিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা দুই বস্তা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগেও পচা মাংস বিক্রির দায়ে একই ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়েছিলেন।
জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।