কমলগঞ্জে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও খাবার দিল বিজিবি

কমলগঞ্জে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও খাবার দিল বিজিবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমাছড়া এলাকায় বন্যাদুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও রান্না করা খাবার বিতরণ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) উপজেলার মোকাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণেও বিজিবি কাজ করে যাচ্ছে। চোরাচালান ও মাদকসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে বাহিনীটি সবসময় অগ্রণী ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের সময় বিজিবি অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিজিবি সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

এ ছাড়া বন্যাকবলিত ১০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।