নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২
প্রতিকি ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা, একটি জিপ গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে জিপ গাড়ির দরজার ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় বিপ্লব ও পারভেজ নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, নোয়াখালীতে এযাবৎকালে এটি সব চেয়ে বড় চালান বলে তিনি জানান উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে এর আগেও মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান হোসেন, থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।