শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বরিশালে বাস ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ
সংগৃহীত ছবি
বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। এতে চরকাউয়া টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।
রোববার সকাল থেকে চরকাউয়া টার্মিনালে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিকেল পর্যন্ত ধর্মঘট অব্যাহত ছিল।
চরকাউয়া টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রতিদিন প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চরকাউয়া বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কোনো নির্বাচন হয়নি। পুরোনো কমিটিই এখনো দায়িত্ব পালন করছে। বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে শ্রমিকদের হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।
যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় মোটরসাইকেল, রিকশা ও ভ্যানে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ সুযোগে ছোট যানবাহনের চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তারা দ্রুত সংকটের সমাধান ও বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান।
চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম মজুমদার বলেন, আমরা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাই। নির্বাচন হলে যারাই দায়িত্বে আসবেন, তাদের নেতৃত্ব আমরা মেনে নেব।
চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়েই শ্রমিকরা ধর্মঘট করছেন। বিষয়টি সমাধানে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।