ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ নতুন সেনা নামাচ্ছেন পুতিন
সংগৃহীত ছবি
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ নতুন সেনা নামানোর ছক কষছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের এক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জেলেনস্কি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ৫ লাখ নতুন সেনা মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছেন পুতিন। ২১ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্ট (ডুমা) নির্বাচনের পরই মূলত এই সেনা সমাবেশ শুরু হবে। তবে নিজ দেশের জনগণের ক্ষোভের ভয়ে পুতিন প্রকাশ্যে এটি করবেন না। দ্রুত বিশাল সেনাবহরকে প্রশিক্ষণ দেওয়া অসম্ভব হওয়ায়, রণক্ষেত্রে এই অনভিজ্ঞ সেনাদের কারণে রাশিয়ার ব্যাপক প্রাণহানি ঘটবে বলে মনে করেন জেলেনস্কি।
এদিকে, পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান সতর্ক করেছেন, ইউক্রেন রাশিয়ার গভীরে হামলা চালানোয় যুদ্ধ এখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে পুতিন শেষ অস্ত্র হিসেবে পরমাণু হামলাও চালাতে পারেন।
চলতি বছর উভয় দেশই দূরপাল্লার হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একই দিন ইউক্রেনের খারকিভে রুশ গোলাবর্ষণে ৫ জন প্রাণ হারান। রাশিয়া একদিনে ইউক্রেনের ৪৫৬টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে। অন্যদিকে কিয়েভের দাবি, রাশিয়া তাদের ভূখণ্ডে ১২৬টি ড্রোন ছুড়েছে।