স্ত্রীর ‘পরকীয়া’, পাঁচতারকা হোটেলে দুই শিশুসন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
সংগৃহীত ছবি
ভারতের তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুর একটি বিলাসবহুল ফাইভ স্টার (পাঁচতারকা) হোটেলে দুই অবোধ কন্যাসন্তানকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করার পর নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ৪০ বছর বয়সী এসজি ইমরান নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় হোটেলের বিছানায় পড়ে ছিল তার ১০ বছর এবং ৫ বছর বয়সী দুই কন্যাসন্তানের নিথর দেহ, আর তার কয়েক মিটার দূরেই বাথরুমের মেঝোজুড়ে রক্তের সাগরে পড়ে ছিলেন ইমরান। স্ত্রীর ‘পরকীয়া’র সম্পর্কের জেরেই এই মর্মান্তিক ও রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত বাবা।
ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) জিকে মিথুন কুমার জানান, ইমরান নামের ওই ব্যক্তি তার দুই মেয়েকে নিয়ে গত রবিবার সন্ধ্যায় হোটেলটিতে রুম বুক করে ওঠেন। পরদিন সোমবার বিকেল ৪টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মীরা রুমের দরজায় বারবার নক করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। পরবর্তীতে কর্মীরা রুমের ভেতরে প্রবেশ করতেই খাটের ওপর দুই শিশুকন্যার মরদেহ দেখতে পান। অন্যদিকে, বাথরুমে গিয়ে দেখা যায়, ইমরান নিজের গলায় ধারালো ছুরি চালিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরিস্থিতি দেখে দ্রুত হোটেলের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, বর্তমানে সেখানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান তার দুই মেয়েকে নিজের হাতে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন। স্ত্রীর পরকীয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুলিশকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমি চাইনি আমার সন্তানরা এ ধরনের কোনো মায়ের কাছে বড় হোক, তাই আমি তাদের হত্যা করে নিজেও শেষ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’ পুলিশ জানিয়েছে, স্ত্রীর অবিশ্বস্ততার কারণেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে দাবি করেছেন, তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হত্যাকাণ্ডের শিকার ইমরানের বাড়ি বেঙ্গালুরুর নাগাওয়ারা এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ। ডিসিপি জিকে মিথুন কুমার আরও জানিয়েছেন, ঘটনাটির নিখুঁত তদন্তের লক্ষ্যে একটি নির্দিষ্ট ধারায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে। ইমরান পেশায় কী করতেন, স্ত্রীর বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন সেটিই মূল কারণ নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা আর্থিক রহস্য রয়েছে এবং পুরো ঘটনার ক্রমবিকাশ কীভাবে ঘটেছে—সেসব তথ্য ইমরানের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও পূর্ণাঙ্গ তদন্তের পর স্পষ্ট হওয়া যাবে।
সূত্র: এনডিটিভি