রামেক হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। টানা তিন মাস পর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হলো। এর আগে শেষ মে মাসের ৬ তারিখে এক শিশু মারা যায়।
বুধবার (১২ আগস্ট) রাতে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
নিহত শিশুর বাড়ি কুষ্টিয়ায়। রবিবার (৯ আগস্ট) হাম উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুটি ভর্তি হয়। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জনে।
ডা. শেখ শামীম আহমেদ বলেন, রবিবার শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি ছিল। সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে সে মারা যায়।
তিনি আরো বলেন, এর আগে মে মাসে হাম উপসর্গ নিয়ে এক শিশু মারা যায়। দীর্ঘ তিনমাস পর এই শিশু মারা গেল। আবার নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছে।
হাসপাতালের সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে পাঁচজন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে তিনজন। বর্তমানে হাসপাতালে ২৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে, যাদের বড় একটি অংশই শিশু। বিশেষ করে কম বয়সী শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও পানিশূন্যতা দেখা দিলে দ্রুত পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত শিশুকে অন্যদের কাছ থেকে আলাদা করে চিকিৎসকের কাছে নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না পেলে এটি মারাত্মক রূপ নিতে পারে।