রামেক করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু
রামেক করোনা ইউনিটে করোনা সংক্রমণ ও উপসর্গে আরও ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সংক্রমণে মারা গেছেন ছয়জন ও উপসর্গে ১২ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও সাতজন নারী। তাদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে।
আজ রোববার (১ আগস্ট) সকালে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১৮ জন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯৫ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৮ জন।