এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল

এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল

ফাইল ছবি

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় জামায়াতের অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও একটি বিশেষ কমিটি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের আগে চিফ হুইপ বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবে একজন সদস্যের পরিবর্তে আরেকজনের নাম যুক্ত করা হচ্ছে। পুনর্গঠিত কমিটিতে গাজী নজরুল ইসলামের জায়গায় জামায়াতের সংসদ সদস্য আবদুল ওয়ারেছকে নেওয়া হয়েছে।

এ ছাড়া এনসিপির আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে কমিটিতে যুক্ত করা হয়েছে। রোকেয়া বেগমও বিরোধী দলের প্রতিনিধি হিসেবে আছেন।

আর পুনর্গঠিত কমিটির সভাপতি থাকছেন মনিরুল হক চৌধুরী।

এদিকে, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করা হয়েছে।

একইভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও পুনগর্ঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে পঞ্চগড়-১ আসনের বিএনপির সংসদ সদস্য নওশাদ জমিরকে।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আগের সভাপতি আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় পদটি শূন্য হয়েছিল।

সভাপতির পদে আসা জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসনের সংসদ সদস্য। মন্ত্রিসভা থেকে সরিয়ে তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপনের সঙ্গে পুনর্গঠিত কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি, কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলামকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আগের সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় ওই কমিটিও পুনর্গঠন করা হয়।

নওশাদ জমিরকে সভাপতি করে পুনর্গঠিত কমিটিতে এ এম মাহবুব উদ্দিন খোকন, ইমরান আহমেদ চৌধুরী, শাকিলা ফারজানা, মনজুরুল ইসলাম, হাসান রাজীব প্রধান, নাজিবুর রহমান, আখতার হোসাইন ও আল ফারুক আব্দুল লতিফকে সদস্য রাখা হয়েছে।