পদ্মা ইসলামীর লাইফ ফান্ডে ঘাটতি বাড়ছে
ফাইল ছবি
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লাইফ ফান্ডে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩২৭ কোটি ২০ লাখ টাকা। ২০২৬ সালের ৩০ জুন শেষে এই ঘাটতি দেখা গেছে। এই ঘাটতি আগের বছর একই সময়ের চেয়ে বেড়েছে। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির লাইফ ফান্ডে ঘাটতি ছিল ৩০৭ কোটি ৭১ লাখ টাকা।
রবিবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে রাজস্ব হিসাবে মোট আয় থেকে দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ঘাটতি হয়েছে ৩ কোটি ৫৭ লাখ টাকা। ২০২৫ সালের একই সময়ে এ ঘাটতি ছিল ৬ কোটি ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে ঘাটতি কিছুটা কমেছে।
এদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানির রাজস্ব হিসাবে ঘাটতি রয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১৫ কোটি ৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ফান্ডে নেতিবাচক স্থিতি বেড়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন শেষে জীবন বীমা তহবিলের ঘাটতি ছিল ৩০৭ কোটি ৭১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে তা বেড়ে ২০২৬ সালের ৩০ জুনে দাঁড়িয়েছে ৩২৭ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ এক বছরে তহবিলের ঘাটতি বেড়েছে প্রায় ১৯ কোটি ৪৯ লাখ টাকা।
কোম্পানির লাইফ ফান্ড ঋণাত্মক হয়ে পড়ায় গ্রাহকদের বীমা দাবি পরিশোধের সক্ষমতা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে। কোম্পানির এখন গ্রাহকদের পাওনা পরিশোধের পাশাপাশি কোম্পানির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। দীর্ঘ দিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ার কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।