ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার মধ্যেই ইরানের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের আইআরআইবি-এর তথ্যমতে, কেশম দ্বীপের মাসান গ্রামের আশেপাশে পাঁচটিরও বেশি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

এছাড়া কেশম থেকে হরমুজ প্রণালির দিক থেকেও আরও চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপ-গভর্নরের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ওই প্রদেশে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে পুনরায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।বিবৃতিতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনাদের ওপর ‘সাম্প্রতিক হামলার প্রচেষ্টার’ জন্য ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) দায়ী করা হয়েছে।

একই সঙ্গে তারা আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি পাল্টা কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের ওপর ‘অনেক বেশি কঠোর ও তীব্র’ আঘাত হানা হবে। আইআরজিসি জানিয়েছে, এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনুশোচনা করতে হবে। এদিকে ইরানের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, বিবিসি।