গ্যাস সমস্যা সমাধানে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে

গ্যাস সমস্যা সমাধানে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দিন দিন তীব্র হচ্ছে। মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকাবাসীকে। বিশেষ করে নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে চুলা না জ্বলায় ইফতার ও সেহরির খাদ্যসমগ্রী তৈরিতে বেশ ভোগান্তিতে পড়েন তারা।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানা হুট করে আংশিক উৎপাদন বন্ধ করায় গত দুদিনের মতো মঙ্গলবারও সংকট ছিল। থাকবে আরও বেশ কয়েক দিন। জ্বালানি বিভাগ থেকে শুরু করে পেট্রোবাংলা এই সংকট নিরসনে দিনরাত কাজ করে যাচ্ছে। বিবিয়ানার ছয় কূপের মধ্যে তিনটি ইতোমধ্যে উৎপাদনে আনা হয়েছে। বাকি তিনটি কূপ উৎপাদন শুরু করতে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে।

সংশ্লিষ্টরা বলেছেন, এই সংকট থাকবে কমপক্ষে আরও সাত দিন। এ অবস্থায় আবাসিক, সিএনজি থেকে শিল্প-সবখানেই গ্যাস সংকটের প্রভাব পড়েছে। গ্যাসের জন্য সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন দেখা দিয়েছে। সিএনজি স্টেশনের মালিকরা বলেছেন, গ্যাসের চাপ কম। এ কারণে আগে একটি গাড়িতে গ্যাস ভরতে যেখানে ৫ মিনিট সময় লাগত, সেখানে এখন লাগছে ১৫ মিনিট।