কুষ্টিয়ায় ভূমি অফিসের অফিস সহকারীকে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৩
কুষ্টিয়ায় ভূমি অফিসের অফিস সহকারীকে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৩
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫) নামের ভূমি কার্যালয়ের এক অফিস সহকারীর হত্যা মামলায় শহিদুল বিশ্বাস (৪৭), ছদ্দিন (৪০) ও রাশেদ জোয়ার্দ্দার (৩৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। আজ রবিবার সকালের দিকে র্যাব ১২ কুষ্টিয়া কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইলিয়াস খান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কোমরকান্দী গ্রামের মৃত আকরাম বিশ্বাসের ছেলে শহিদুুল বিশ্বাস, একই গ্রামের মৃত আকবর শেখের ছেলে ছদ্দিন ও নাচেন জোয়ার্দ্দারের ছেলে রাশেদ জোয়ার্দ্দার।
গত রাতে ঢাকার বিভিন্ন এলাকা হতে এজাহারভুক্ত হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতার করা হয়। কোম্পানি কমান্ডার আরো জানান, ২০২২ সালের ০৯ সেপ্টেম্বর সকাল ৮.০০ টার সময় ভূমি অফিসের অফিস সহকারী একজন সন্দেহভাজন চোরকে আশ্রয় পরে পুলিশের নিকট সোপর্দ করায় বর্তমান ও সাবেক স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এরই ঘটনার জেরে চোর ধরার একদিন পরে অফিস সহকারী আব্দুর রাজ্জাক কোমরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা খেতে গেলে রাগান্বিত আসামীরা তার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে কুমারখালী থানায় নিহতের স্ত্রী রেবেকা বেগম বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।