ইবির চারুকলায় ভর্তিতে ব্যবহারিকে ৬৫ শতাংশই অনুপস্থিত
ইবির চারুকলায় ভর্তিতে ব্যবহারিকে ৬৫ শতাংশই অনুপস্থিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভূক্ত চারুকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৩৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৮৮ জন। যা মোট আবেদনকারীর ৩৫ শতাংশ।
সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান।
ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, এবারে চারুকলা বিভাগে ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৫৩৬টি। এতে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) জন্য ৯টি, ‘বি’ ইউনিটের (মানবিক) জন্য ১৫টি, ‘সি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।
‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান বলেন, ‘পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ফলাফল অতি দ্রুতই দেওয়া হবে।’