কুষ্টিয়ায় বিএনপি’র গণমিছিলে পুলিশের বাধা

কুষ্টিয়ায় বিএনপি’র গণমিছিলে পুলিশের বাধা

কুষ্টিয়ায় বিএনপি’র গণমিছিলে পুলিশের বাধা

পুলিশী বাধায় শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি কুষ্টিয়া বিএনপি’র গণমিছিল। শনিবার বিএনপি’র কেন্দ্র ঘোষিত গণমিছিলের আয়োজন করে কুষ্টিয়া জেলা বিএনপি। সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বর থেকে গণমিছিলে অংশ নিতে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ১১টায় জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে কোর্ট স্টেশন চত্বরে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি’র কয়েকশ’ নেতাকর্মী।

পরে কোর্ট স্টেশন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া পৌর বিএনপি’র সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম-উল হাসান অপু প্রমুখ।

সমাবেশে বক্তারা সরকারের জুলুম নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে গ্রেপ্তারকৃত বিএনপি’র সিনিয়ন নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করেন। এদিকে একই দাবীতে জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে নেতাকর্মীরা তার ব্যক্তিগত কার্যালয় থেকে গণমিছিল বের করার চেষ্টা করলে সেখানেও পুলিশী বাধার মুখে পড়েন তারা। অন্যদিকে বিএনপি’র গণমিছিলকে ঘিরে শহরের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় ।