নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার
সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধায় লোহাগড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে লোহাগড়া থানাধীন বাজার সংলগ্ন ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়।
পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।