ইতালির চলচ্চিত্র উৎসবে মনোনীত ‘ময়না’

ইতালির চলচ্চিত্র উৎসবে মনোনীত ‘ময়না’

ছবি: সংগৃহীত

ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের ১০ম অধিবেশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলিম উল্যাহ খোকনের কাহিনী ও প্রয়োজনায় ‘ময়না’ সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

পরিচালক জানান, বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চাভিলাষী একটি মেয়ের বেড়ে ওঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলো ফুটে উঠেছে ‘ময়না’ চলচ্চিত্রে। পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ইউরোপের একটি উৎসবে বাংলাদেশের সিনেমা মনোনীত হওয়া মানেই আমাদের কাছে পুরস্কার পাওয়ার আনন্দের থেকে বেশি। গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইতালির অত্যন্ত মর্যাদাবান চলচ্চিত্র উৎসব।

এই উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, মেক্সিকো, মরক্কো ও বাংলাদেশের সিনেমা। এশিয়ার একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে ‘ময়না’, এটি বাংলা চলচ্চিত্রের জয়। ‘ময়না’ সিনেমা দক্ষিণ কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব ২০২৪ এ মনোনীত হয়েছে। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ ‘ময়না’ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে।

পৃথিবীর বিভিন্ন দেশের মর্যাদাবান উৎসবগুলোতেই ময়না স্থান করে নিচ্ছে, সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি, এই অর্জন আমার টিমকে দিতে চাই। প্রযোজক আলিম উল্যাহ খোকন বলেন, ‘ময়না’ সিনেমার আন্তর্জাতিক সাফল্যে আমরা মুগ্ধ। জাজ মাল্টিমিডিয়া থেকে আমরা অনেক ভালো ও ব্যবসা সফল সিনেমা নির্মাণ করেছি এবং অব্যাহতভাবে করে যাচ্ছি।

‘ময়না’ সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহামান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সিমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু শিল্পী জান্নাতুল ভোর, বিশেষ চরিত্রে আপন ও শিশির সরদার।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্র জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ‘ময়না’।