ইউরোর ট্রফি জিতে আফসোস ঘোচাতে চান এমবাপে
ছবি: সংগৃহীত
বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে। ২৫ বছর বয়সী এই তরুণ কদিন আগেই যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। তরুণ এই ফুটবলার ইতোমধ্যেই ফুটবলের সেরা ট্রফিগুলো জিতে নিয়েছেন। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লিগ শিরোপার স্বাদও পেয়েছেন এমবাপে। তবে এখনো একটি ট্রফির জন্য আফসোস রয়ে গেছে তাঁর।
ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক এমবাপে। দেশের হয়ে বিশ্বকাপ জিতলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার দৃঢ়প্রত্যয়ের কথা জানিয়েছেন এমবাপে। ফ্রান্স সবশেষ ইউরো জিতেছিল ২০০০ সালে। তাই আবার এই ট্রফি ঘরে তুলে আফসোস ঘোচাতে চান তিনি।
আজ থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর। প্রথম ম্যাচেই আজ রাত ১ টায় মাঠে নামবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। আর এবারের আসরে ফ্রান্স প্রথম মাঠে নামবে আগামী সোমবার রাত ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পোল্যান্ড।
ইউরোতে মাঠে নামার আগে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘সবাই জানে, ইউরো জেতা কতটা কঠিন। আমরা দেখতে পাচ্ছি, সবগুলো দল খুবই শক্তিশালী। আমাদের গ্রুপটা ভীষণ কঠিন। আমাদের ধাপে ধাপে এগুতে হবে কারণ এটা বেশ কঠিন হতে চলেছে। তবে আমরা এর জন্য প্রস্তুত।’
ইউরো জেতার আকাঙ্ক্ষা ব্যক্ত করে এমবাপে আরও বলেন, ‘সত্যি বলতে, আমি খুব করে ইউরো জিততে চাই। আমি বিশ্বকাপ জিতেছি, নেশন্স লিগ জিতেছি। এই একটা ট্রফি যেটি জাতীয় দলের হয়ে এখনও পাইনি।’
অধিনায়ক হিসেবে প্রথম টুর্নামেন্টে খেলতে নামছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘আসলেই এটা জিততে চাই আমি। অধিনায়ক হিসেবে এটাই আমার প্রথম টুর্নামেন্ট। তাই এটা আমার জন্য আসলেই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট সবসময় আমার দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা চাই দেশের মানুষ আমাদের নিয়ে গর্ব করুক।’