রেসিপি : কাঁঠাল পাতায় তালের কোণ পিঠা
ছবিঃ সংগৃহীত।
বাজারে পাওয়া যাচ্ছে পাকা তাল। মিষ্টি স্বাদের তাল দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের মজাদার খাবার।তাল দিয়ে তৈরি বিভিন্ন পিঠা খাওয়ার প্রচলন বেশ পুরোনো। তালের বড়া, তালের রুটি, তালের কেক কিংবা পুডিং ছাড়াও তৈরি করা যায় আরও অনেক খাবার। কাঁঠাল পাতায় তালের পিঠা গ্রামবাংলার একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী পিঠা, যা মূলত তালের রস ও কাঁঠাল পাতার সাহায্যে ভাপা পিঠার মতো তৈরি করা হয়।
আসুন জেনে নেওয়া যাক তালের কোণ পিঠা তৈরির রেসিপি-
উপকরণ
তালের রস ১ কাপ
আতপ চালের গুঁড়া ১ কাপ
ময়দা আধা কাপ
গুড় বা চিনি ১ কাপ
নারিকেল কোঁড়ানো ১ কাপ
বেকিং পাউডার ১ টেবিল চামচ
ইস্ট ১ টেবিল চামচ
লবণ স্বাদ মতো
এলাচ গুঁড়া ১ চিমটি
কাঁঠাল পাতা কয়েকটি
প্রস্তুত প্রণালি
প্রথমে পাকা তাল ভালোভাবে ধুয়ে শাঁস বের করে নিন। এরপর ছাঁকনিতে ছেঁকে তালের শাঁসের আঁশ আলাদা করে নিন। এবার তালের মিশ্রণের সঙ্গে পরিমাণমতো গুড় বা চিনি, সামান্য লবণ ও নারিকেল কোরানো ভালোভাবে মিশিয়ে নিন।
অন্য একটি পাত্রে আতপ চালের গুঁড়া, ময়দা, বেকিং সোডা ও এলাচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এবার ধীরে ধীরে তালের মিশ্রণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। মিশ্রণটি যেন খুব বেশি পাতলা বা শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখুন। এরপর কয়েকটি পরিষ্কার কাঁঠাল পাতা নিয়ে পেঁচিয়ে কোন বা ফানেলের মতো আকৃতি তৈরি করুন। পাতার তৈরি এই কোনের ভেতরে পরিমাণমতো তালের মিশ্রণ ঢেলে দিন। সবগুলো পাতা একইভাবে প্রস্তুত করে রাখুন।
এবার চুলায় একটি বড় পাতিল বা ভাপা পিঠা তৈরির হাঁড়িতে পানি দিয়ে গরম করুন। পানির ওপর একটি স্ট্যান্ড বসিয়ে তার ওপর তালের মিশ্রণভরা কাঁঠাল পাতার কোনগুলো সাজিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ভাপে সিদ্ধ হতে দিন।
পিঠা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। এরপর সাবধানে পিঠাগুলো নামিয়ে সামান্য ঠান্ডা করুন। কাঁঠাল পাতা খুলে গরম গরম তালের কোণ পিঠা পরিবেশন করুন।