কলাপাড়ায় নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়া আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আযোজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, ধরার আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, গণমাধ্যম কর্মী রফিকুল ইসলাম মিরাজ, তানজিল জামান জয়, নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা সারা দেশের পাশাপাশি আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল-দূষণ বন্ধ, নদীর দুই তীরের ইটভাটা অপসারণ, সারসংক্ষেপে নদীর পরিচিতি তুলে ধরে দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করার পাশাপাশি এই অঞ্চলে নদী দখলদারের নাম প্রকাশের দাবি জানান।
আন্ধারমানিক নদী ইলিশের অভয়াশ্রম, যে কোন মূল্যে এর নাব্যতা বজায় রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করা হয়। বক্তারা নদীকে নদীর মতো রাখতে পানির প্রবাহ সচল রাখতে মানবসৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার দাবি জানানো হয়।