যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
ছবিঃ সংগৃহীত
যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়ার সময়ে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবারবেলা ১১ টার দিকে বেজপাড়ার বেহারী কলোনীর বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খুঁড়ার কাজ করছিলেন তারা। এক পর্যায়ে হঠাৎ কোদালের কোপ লেগে বোমা বিস্ফোরণ ঘটলে কর্মরত অবস্থায় দুজন আহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু বিস্ফারিত বোমার বিভন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিতে পুঁতে রেখেছিলো। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চলছে।
এদিকে , কয়েকদিন শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। এরমধ্যে এই ঘটনায় আশপাশে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।