বডি শেমিংয়ের কড়া জবাব দিলেন স্বরা ভাস্কর

বডি শেমিংয়ের কড়া জবাব দিলেন স্বরা ভাস্কর

ছবিঃ সংগৃহিত।

মাতৃত্বের পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। তবে সেই পরিবর্তন নিয়েই প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয় তারকাদের।

সম্প্রতি ক্যাটরিনা কাইফকে ঘিরে এমন বিতর্কের পর এবার নিজের অভিজ্ঞতা সামনে এনে বডি শেমিংয়ের প্রতিবাদ জানালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

তিন বছর আগে কন্যাসন্তানের মা হয়েছেন স্বরা। মাতৃত্বের পর তার শরীরে যে পরিবর্তন এসেছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এমনকি অপরিচিত নেটিজেনদের কেউ কেউ তাকে ‘গরু’ ও ‘জলহস্তী’ বলেও মন্তব্য করেছেন।

এবার সেই কটাক্ষের জবাব দিয়েছেন স্বরা নিজেই। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ রিয়েলিটি শোর দ্বিতীয় সিজনের প্রিমিয়ারে বেগুনি শাড়ি ও ব্লাউজ পরে হাজির হন তিনি। তবে তার পোশাকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ব্লাউজে বড় অক্ষরে লেখা ‘মোটি’ শব্দটি।

পোশাকের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে স্বরা জানান, মেয়ের জন্মের পর গত তিন বছর ধরে তার ওজন নিয়ে নানা ধরনের মন্তব্য শুনতে হয়েছে। তাই বিষয়টি নিয়ে লুকানোর পরিবর্তে নিজের শরীরকে স্বাভাবিকভাবেই গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্বরা বলেন, সন্তান জন্মের পর একজন মায়ের জীবন ও শরীরে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের অপরিচিত মানুষদের সন্তুষ্ট করতে শরীরকে জোর করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত নয়।

অভিনেত্রীর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই বডি শেমিংয়ের বিরুদ্ধে তার অবস্থানকে সমর্থন করেছেন। একই সঙ্গে মাতৃত্বের পর নারীর শরীর নিয়ে কটাক্ষ করার মানসিকতার সমালোচনাও করেছেন অনেকে।