ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রতিকি ছবি
ফরিদপুরে ১৩ বছরের এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের দায়ে রাজু শেখ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়েছে, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবক জেলার চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা ঢালারপাড় গ্রামের দুলু শেখের ছেলে। রায় ঘোষণা শেষে পুলিশ পাহাড়ায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মার্চ রাতে ওই কিশোরীকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বকভাবে একটি ছাপড়া ঘরে নিয়ে যায় প্রতিবেশী যুবক রাজু শেখ। সেখানে আটকিয়ে রেখে রাতভর তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। পরেরদিন ভোরে অচেতন অবস্থায় ওই ঘরের পেছনে খুঁজে পায় পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ৪ মার্চ রাজু শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই কিশোরীর মা।
আদালতের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং এরমধ্যে দিয়ে সমাজে ধর্ষণ ও ব্যভিচারের মতো অপরাধ অনেকাংশে কমে আসবে।