ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি
ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৪০) নামে তাবলিগ জামাতের এক সাথী নিহত হয়েছেন। এ ঘটনায় একই দলের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের পৌর শহরের মাস্টারপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক সিরাজ গত ১৬ সেপ্টেম্বর ৪০ দিনের চিল্লায় অংশ নিতে ১৩ সদস্যের তাবলিগ জামাতের একটি দলের সঙ্গে ছাগলনাইয়ায় আসেন।
আহত তাবলিগ জামাতের সাথী নুর ইসলাম জানান, মঙ্গলবার সকালে তারা ছৈতলা এলাকার একটি মসজিদ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে প্রয়োজনীয় বাজার করতে ছাগলনাইয়া পৌর শহরের দিকে যাচ্ছিলেন। মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিরাজ মিয়া গুরুতর আহত হন।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত বলেন, হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে সিরাজ মিয়ার মৃত্যু হয়। তার পায়ে গুরুতর জখমের চিহ্ন ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, দুর্ঘটনার পর পুলিশের সহায়তায় নিহতের মরদেহ ও আহতদের হাসপাতালে আনা হয়। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।