খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
ফাইল ছবি
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে খুলনা বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৬২ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৮৯৭ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪২ জন রোগী। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ৩২৪ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৯৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।