জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডিতে ভর্তি শুরু ৪ অক্টোবর
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ৪ অক্টোবর। ভর্তি কার্যক্রম চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
এরইমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে পিএইচডিতে দুজন এবং এমফিলে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া পিএইচডিতে আবেদন করা আরও দুজনকে এমফিল কোর্সে ভর্তির জন্য সুপারিশ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট থেকে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
পিএইচডি কোর্সে চূড়ান্তভাবে নির্বাচিত দুজন হলেন— রোল ১৭০০০০৩-এর মো. মাহমুদুল হাসান এবং রোল ১৭০০০০৮-এর মো. জিয়া উর রহমান।
অন্যদিকে এমফিল কোর্সে নির্বাচিত ১০ জন হলেন মোহাম্মদ রহমতউল্লাহ (রোল ১৫০০০০১), মো. মোজিবুল হক (১৫০০০৩), জুয়েল বড়ুয়া (১৫০০০০৪), আরিফুল ইসলাম (১৫০০০০৫), নূর-ই জান্নাত (১৫০০০০৮), মো. বদর উদ্দিন (১৫০০০১২), উজ্জ্বল রয় (১৫০০০১৩), মিলন হোসেন (১৫০০০১৮), মো. আবদুস সাত্তার (১৫০০০২৪) এবং নাজনীন আক্তার জাহান (১৫০০০২৮)।
এ ছাড়া পিএইচডি প্রোগ্রামে আবেদন করা মোহাম্মদ মইনউদ্দিন পাটোয়ারী (রোল ১৭০০০০৬) ও দেলোয়ার হোসেনকে (রোল ১৭০০০০৭) এমফিল কোর্সে ভর্তির জন্য সুপারিশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএইচডি কোর্সে ভর্তির মোট ফি ৩২ হাজার টাকা। এর মধ্যে ভর্তি, রেজিস্ট্রেশন, দুই মাসের টিউশন ফি, সেশন ফি, ফেরতযোগ্য লাইব্রেরি কশন মানি এবং সেমিনার ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত রয়েছে। এমফিল কোর্সে মোট ভর্তি ফি ২১ হাজার টাকা। এতেও ভর্তি, রেজিস্ট্রেশন, দুই মাসের টিউশন ফি, সেশন ফি, ফেরতযোগ্য লাইব্রেরি কশন মানি এবং সেমিনার ও উন্নয়ন ফি রয়েছে।
ভর্তি ফি জমা দিতে প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে গিয়ে ‘Download Pay Slip’ থেকে সোনালী সেবার পে-স্লিপ ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব নম্বর ০২১৮৮০১০০৫৯৫৫-এ ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
ভর্তির সময় এসএসসি, এইচএসসি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ সব পরীক্ষার নম্বরপত্র, সনদের মূল কপি এবং অভিজ্ঞতার সনদ দেখাতে হবে। এসব কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি ইনস্টিটিউটে জমা দিতে হবে। একই সঙ্গে সদ্যতোলা তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া ভর্তি ফি’র মূল রশিদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে।
চাকরিরত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের অনুমতিপত্র এবং ছুটিসংক্রান্ত অফিস আদেশও জমা দিতে হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমফিল গবেষকদের ক্লাস শুরু হবে ১৮ অক্টোবর।