চট্টগ্রামে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

প্রতিকি ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার উপজেলার কালাবিবির দিঘি এলাকায় এই দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- মৃদুল সর্দার (৬০), বাপ্পা সর্দার (২১) ও মো. মিয়া (২৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, ওই তিন ব্যক্তিকে ঘটনাস্থলে চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ১’শ টাকা করে অর্থদ- দেওয়া হয়। একই সঙ্গে মৃদুল সর্দারকে ১৫ দিনের, বাপ্পা সর্দারকে ৬০ দিনের ও মো. মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রুপন কান্তি পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।