বৃহস্পতিবার থেকে বাংলাকিউআর লেনদেনে থাকবে না বিক্রেতার খরচ
ফাইল ছবি
ডিজিটাল মাধ্যম বাংলাকিউআরে পণ্য বা সেবার মূল্য গ্রহণ করে সেই অর্থ ব্যাংক থেকে তুলতে ১ শতাংশ মাশুল দিতে হতো বিক্রেতাকে। এ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিক্রেতাকে ১ শতাংশ এমডিআর দিতে হবে না।
বুধবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বলেন, বাংলাকিউআরকে আরো সুশৃঙ্খল ও টেকসই করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরের জনগণের জন্য টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে একটি নিরাপদ, সহজ এবং অন্তর্ভুক্তিমূলক আন্তঃডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বাংলাদেশ ব্যাংক বাংলাকিউআর চালু করেছে।
আরিফ হোসেন খান জানান, বর্তমানে ৪০ লাখ মার্চেন্ট বাংলাকিউআর ব্যবহার করছে। গত জুনে একক বাংলাকিউআর বাধ্যতামূলক করার পর এ প্লাটফর্মের মাধ্যমে সাড়ে ৩ গুণ লেনদেন বৃদ্ধি পেয়েছে। আর্থিক মূল্যে লেনদেন বেড়েছে প্রায় ৫ গুণ।
আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলাকিউআর চালু করা হবে বলে জানান মুখপাত্র। তিনি বলেন, ১ নভেম্বর থেকে বাংলাকিউআর কোডভিত্তিক পার্সন টু পার্সন (পিটুপি) লেনদেন চালু করা হবে। ফলে ব্যক্তিপর্যায়েও আন্তঃলেনদেন আরো সহজ হবে।
গ্রাহকের আস্থা বাড়াতে ব্যর্থ বাংলাকিউআর লেনদেনের অর্থ দ্রুততম সময়ে ফেরতের ব্যবস্থাও করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭ সেপ্টেম্বর পৃথক গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।