গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বুধবার গুইমারা সরকারি মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দোকানঘর নির্মাণে সহায়তা, চলাচলে সমস্যায় থাকা ব্যক্তিদের হুইলচেয়ার এবং এলাকার নিরাপত্তার জন্য সোলার ল্যাম্পপোস্ট দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীকে মূলধারায় না আনা পর্যন্ত এ অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর একই দিনে গুইমারার রামসু বাজারে সহিংসতার ঘটনা ঘটেছিল।