গাইবান্ধায় ১৫০ বস্তা ইউরিয়া জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধায় ১৫০ বস্তা ইউরিয়া জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে অবৈধভাবে আমদানি করে মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে কামারজানি ইউনিয়নের কামারজানি বন্দরে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী সানোয়ার মুন্সী কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী।

কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সানোয়ার মুন্সীর গুদামে অভিযান চালানো হয়। এ সময় বাইরে থেকে অবৈধভাবে আমদানি করে সার মজুত ও বিক্রির অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে মজুত ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

অভিযানে কৃষি বিভাগের একাধিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে অভিযানকালে স্থানীয় কয়েকজন সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম ও ক্যামেরাপারসন সোহেল রানাকে ঘিরে ধরতে দেখা যায়। এ সময় তাদের ধাক্কাধাক্কি করা এবং মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বলেন, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে কৃষি বিভাগের কর্মকর্তাদের ওপর কোনো হামলা হয়নি।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।