ফ্রান্সে ফুলব্যাক সংকট, সমাধান চান জিদান
ছবি: সংগৃহীত
ফ্রান্সের রক্ষণভাগের দুই প্রান্তে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতি নিয়ে উদ্বিগ্ন কোচ জিনেদিন জিদান। সমস্যার দ্রুত সমাধানে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) নতুন প্রতিভা খুঁজে বের করা ও তাদের গড়ে তোলার কথা জানিয়েছেন ফ্রান্সের কোচ। জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করতে ফুল-ব্যাক পজিশনে নতুন খেলোয়াড় তৈরির ওপর জোর দিচ্ছেন তিনি।
গত জুলাইয়ে দিদিয়ের দেশমের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকেই ফ্রান্স দলে বড় একটি সমস্যা হিসেবে ফুল-ব্যাক পজিশনের ঘাটতি চিহ্নিত করেছেন জিদান।
জিদানের বিশ্বাস, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ মানে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দুই প্রান্ত শক্তিশালী করা জরুরি। সময়ের সঙ্গে সমস্যাটি এমনিতেই মিটে যাবে—এমন অপেক্ষায় থাকতে রাজি নন তিনি।
স্থায়ী ও নির্ভরযোগ্য সমাধানের জন্য ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টেকনিক্যাল ডিরেক্টরেটের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেছেন তিনি। বর্তমান ন্যাশনাল টেকনিক্যাল ডিরেক্টর হুবার্ট ফুর্নিয়েরের মাধ্যমে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন ফ্রান্স কোচ।
পুরো জাতীয় ফুটবল কাঠামোয় দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জিদান। তার লক্ষ্য, এমন একটি ধারাবাহিক খেলোয়াড় তৈরির প্রক্রিয়া গড়ে তোলা, যেখান থেকে প্রয়োজনের সময় জাতীয় দলে ঢোকার মতো মানসম্পন্ন ফুল-ব্যাক পাওয়া যাবে।
স্বল্পমেয়াদে অবশ্য যুব দলগুলোর দিকেই তাকাচ্ছেন জিদান। অনূর্ধ্ব-২১ দলের কোচ জেরাল্ড বাতিকল ও অনূর্ধ্ব-২০ দলের কোচ বার্নার্ড ডিয়োমেদকে নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। ফুল-ব্যাক পজিশনের জন্য উপযোগী নতুন ধরনের খেলোয়াড় তৈরি করতে চান জিদান।