ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, পাঁচ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, পাঁচ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকালে ব্যাংকটির কার্যালয়ে থেকে তাদের গ্রেফতার করে। 

এরা হলেন, অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার ব্যবস্থাপক শরীফউদ্দিন (৩৯), সাবেক ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন (৩৪), বেসরকারি সিকিউরিটি গার্ড রঞ্জু আহমেদ (৩০) ও বেসরকারি সিকিউরিটি গার্ড আব্দুল হাই (৪২) এবং ব্যাংকটির দীঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় দুদকের একটি টিম ব্যাংক শ্রীনগর শাখা অফিসে তদন্ত কার্যক্রম চালান। তাদের তদন্ত শেষে এদিন বিকালে ওই পাঁচ ব্যাংক কর্মকর্তা-কর্মচরীকে গ্রেফতার করা হয়েছে। এদের সকলকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

উল্লেখ্য, সম্প্রতি অগ্রণী ব্যাংক শ্রীনগর বাজার শাখায় শতশত গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হন সিনিয়র সহকারী ম্যানেজার শরীফুজ্জামান সোহাগ। তার আত্মগোপনের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দেয়।