চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে তিনটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অপরদিকে বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় একই বাজারের মেসার্স এফএনএফ ফার্মেসীর মালিক মো. হুমায়ন কবিরকে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয়, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোন পণ্য, ঔষধ, শিশুখাদ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।