রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে ১০০ জন রোগীর বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার জন্য একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রামপাল উপজেলার ঝনঝনিয়ায় ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’ আয়োজিত ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাটের রামপালে ১০০ জন রোগীর বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার জন্য একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে তিনি তৃণমূল পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ (স্ক্রিনিং) ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান।

‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ড. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল প্রমুখ।